২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

শ্রমিক ছাঁটাই ও নির্যাতনকে কেন্দ্র করে সাভারে শনিবার একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

সাভার (ঢাকা), অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাই ও নির্যাতনকে কেন্দ্র করে সাভারে শনিবার একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে আকতারুজ্জামান সাগর নামের এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের পর পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় কারখানাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্লাহ। মহাসড়ক সংলগ্ন আনলিমা টেক্সটাইল লিমিটেডের গার্মেন্টস ইউনিটের প্রায় দেড় হাজার শ্রমিক সকাল ১১টার দিকে রাস্তায় নেমে আসে। শ্রমিকদের অভিযোগ, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ওপর নির্যাতন চালাচ্ছিল। ওসি নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে শ্রমিকরা কাজ বন্ধ রেখে ওয়াহিদুর রহমানসহ প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ শুরু করে। কর্মকর্তাদের সঙ্গে বদানুবাদের এক পর্যায়ে তারা সড়কে নেমে আসে।" শ্রমিকরা সড়কে উঠলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ লাঠিপেটা করলে শ্রমিকরাও ইট ছুড়তে থাকে। ফলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয় বলে ওসি জানান। শ্রমিকরা বলছে, তাদের অর্ধশত সহকর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা নাসির বলেন, "পরে শ্রমিকরা কারখানায় ভাংচুর করে।" পুলিশ লাঠিপেটা না করলে গোটা শিল্প এলাকায় হামলার ঘটনা ঘটতো বলে দাবি করেন তিনি। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের সময় মতো বেতন দেয় না, কথায় কথায় শ্রমিক ছাঁটাই করে এবং নানা অজুহাতে কর্মকর্তারা নারী শ্রমিকদের মারধর করে। কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে পাওয়া যায় না। তারা জানান, ঈদের ছুটির পর গত শনিবার কারখানায় অনুপস্থিত চার শ্রমিককে প্রথমে শোকজ নোটিশ দিয়ে বরখাস্ত করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়। পরে বরখাস্ত শ্রমিকদের পুনর্বহালের দাবি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। তবে শ্রমিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আনলিমা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানায় নতুন করে শ্রমিক নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি। এমন অভিযোগে অনেক আগে সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ একজন জেনারেল ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে।" সংঘর্ষের পর গ্রেপ্তার সাগর মানিকগঞ্জের ঘিওর উপজেলার ওয়াহিদ আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/এমআই/১৬২৮ ঘ.