২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমলাদের কর্তৃত্ব চান না ইউপি চেয়ারম্যানরা

আমলাদের কর্তৃত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ আইন না করার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। এ ধরনের আইন করা হলে আন্দোলনে এবং প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমলাদের কর্তৃত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ আইন না করার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। এ ধরনের আইন করা হলে আন্দোলনে এবং প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে আমলাদের পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিধান রেখে গত ১৩ সেপ্টেম্বর সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ওই বিধান বাদ দিয়ে সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত করেছে। সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাস হতে পারে। ইউপি চেয়ারম্যানদের সংগঠন 'বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম'র (বিইউপিএফ) সভাপতি মাহবুবুর রহমান টুলু শনিবার সোনারগাঁও হোটেলে এক সম্মেলনে বলেন, "সংসদে ইউনিয়ন পরিষদের স্বার্থবিরোধী কোনও আইন পাস হলে আমরা আন্দোলনে যাব। প্রয়োজনে আইনের আশ্রয় নেব। "আশা করি সরকার ইউনিয়ন পরিষদের স্বার্থবিরোধী কোনও আইন সংসদে পাস করবে না।" গাইবান্ধার সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুরের সভাপতিত্বে ওই সম্মেলনে বক্তব্য রাখেন বিচারপতি গোলাম রব্বানী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোয়ার হোসেন, সাংসদ ননী গোপাল মন্ডল, নজরুল ইসলাম মঞ্জু, তারানা হালিম, মাহফুজা মন্ডল, ফরিদা আক্তার হীরা, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও টঙ্গী পৌরসভার মেয়র নাজমুল্লাহ খান প্রমুখ। হাফিজউদ্দিন স্থানীয় সরকার বিলটি পাস করার আগে সবার দাবি-দাওয়া বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন,"গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে। এ বিষয়টি সব দলই নির্বাচনী ইশতেহারে যোগ করলেও পরে তারা ভুলে যান।" বিচারপতি রব্বানী বলেন, "সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন নয়, স্থানীয় সরকার ব্যবস্থা চালু করতে হবে এবং ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকারের অধীনে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, থানা, কর আদায় ও বাজেট প্রণয়নের ক্ষমতার ব্যবস্থা করতে হবে।" সম্মেলনে ৬ বিভাগ থেকে ৬ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। তারা ইউনিয়ন পরিষদের বর্তমান চিত্র এবং দায়িত্ব পালনে সমস্যাগুলো তুলে ধরেন। ফোরামের সভাপতি মাহবুবুর অভিযোগ করেন, প্রস্তাবিত বিলে ইউনিয়ন পরিষদের ক্ষমতা খর্ব করে সরকারি কর্মকর্তা-আমলাদের বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এতে পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধির মতামতের প্রতিফলন থাকবে না। তিনি আরও বলেন, "ইউনিয়ন পরিষদকে কার্যকর ও অর্থবহ করতে হলে পরিষদে নির্বাচিত জন প্রতিনিধিদের মতামতের গুরুত্ব দিতে হবে। আমলারা জন প্রতিনিধিদের স্থান দখল করার কৌশল নিচ্ছে। এটা বন্ধ করতে হবে।" সরকারি বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার দাবিও জানান তিনি। তিনি ইতিমধ্যে মেয়াদ পার হয়ে যাওয়া পরিষদের নির্বাচন দ্রুত করতে উদ্যোগ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। প্রস্তাবিত বিলের ১৮ দফায় সরকারকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে সরকারি কর্মচারিদের প্রশাসক হিসাবে নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী গত ৩০ সেপ্টেম্বর বলেন, "আমরা সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের যে বিধান খসড়া বিলে ছিল তা বাতিল করার সুপারিশ করেছি।" বিধানটি বাদ দেওয়ার পক্ষে যু্িক্ত হিসাবে তিনি বলেন, প্রস্তাবিত বিলে চেয়ারম্যানের অনুপস্থিতিতে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে তিন সদস্যের চেয়ারম্যান প্যানেল করার বিধান রয়েছে। সুতরাং প্যানেল চেয়ারম্যান থাকতে প্রশাসক নিয়োগের কোনও প্রয়োজন নেই।" সম্মেলনে স্বাগত বক্তব্যে ফোরামের মহাসচিব আতাহারুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে ১২ দফা দাবি উত্থাপন করেন। আমলাদের ক্ষমতা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, "সরকারের আদেশ মানতে ব্যর্থ হলে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করার বিধান চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবে।" দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ সম্মেলনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএম/এমআই/১৭৪৫ ঘ.