২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আকস্মিক বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা

চলন্ত বাসে বিচার বিভাগীয় দুজন হাকিমের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে দুই পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় শুক্রবার বিকেলে আকস্মিকভাবে বাস ধর্মঘট শুরু করেছে বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোর শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

বরিশাল, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলন্ত বাসে বিচার বিভাগীয় দুজন হাকিমের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে দুই পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় শুক্রবার বিকেলে আকস্মিকভাবে বাস ধর্মঘট শুরু করেছে বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোর শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে গেছে বরিশালের সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার ১৯টি রুটের বাস চলাচল। বরিশাল কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, পিরোজপুর থেকে আল আরাফাত পরিবহনের একটি বাসে করে বরিশালে আসছিলেন জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আবুল বাশার ও মৃত্যুঞ্জয় মিস্ত্রী। জরাজীর্ণ সড়কে দ্রুত বাস না চালাতে দুই হাকিমসহ যাত্রীরা চালককে অনুরোধ করেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোবাইল ফোনে বরিশালের পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রী। বিকাল ৫টার দিকে বাসটি বরিশাল রূপাতলী টার্মিনালে এসে পৌঁছালে বাসচালকের দুই সহকারী মাজেদ ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। চালক পালিয়ে যায়। ওসি জানান, দুই শ্রমিক এখন থানা হেফাজতে রয়েছেন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। রাত ৯টায় বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শ্রমিক আটকের ঘটনাটির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.