ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহনদাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১'শ ৪০তম জন্মদিন ও আন্তর্জাতিক অহিংস দিবসের এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর অহিংস আদর্শের বিকল্প নেই। তার আদর্শ সর্বজনীন। যুগ, কাল ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মহান বাণী।
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট 'শান্তি, অহিংসা ও অসাম্প্রদায়িকতা' শীর্ষক এ আলোচনা সভার অয়োজন করে।
বিচারপতি গৌর গোপাল সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রী শফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী।
আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ আবুল মকসুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ও সিপিডি'র ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
কবীর চৌধুরী বলেন, "পৃথিবীতে আজ শান্তি বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে জঙ্গীবাদ ও মৌলবাদ। এর পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক বৈষ্যমও এ জন্য দায়ী। শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই জঙ্গীবাদ ও মৌলবাদকে প্রতিহত করতে হবে।"
তিনি বলেন, "দিনের পর দিন সন্ত্রাস, সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। তবে সর্বোপরি গান্ধীর মহান অহিংসার বাণীই হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার বড় অস্ত্র।"
শফিক আহমেদ বলেন, "মহাত্মা গান্ধী আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন তা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলমন্ত্র। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যদিও মুক্তিযুদ্ধের চার মূলনীতি থেকে আমরা অনেক দূরে সরে এসেছি।"
তিনি আরও বলেন, "এ জন্য এদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। ধর্মীয় জঙ্গীবাদের উত্থান হয়েছে। তবে বর্তমান সরকার আইনের শাসন কিংবা মানবাধিকার লংঘিত হয় এমন কোনও কাজ করবে না। মানুষের কল্যাণে যদি আমরা কাজ করতে চাই, তাহলে গান্ধীজীর অহিংস নীতি মনে-প্রাণে গ্রহণ করা উচিৎ।"
ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন বলেন, "মহাত্মা গান্ধীর আদর্শ আজ সর্বজনীন আদর্শ হিসেবে সারা বিশ্বের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। মার্টিন লুথার কিং, নেলসন মেন্ডেলা থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মত তরুন নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শকে গ্রহণ করেছেন।"
সুলতানা কামাল দেশে-বিদেশে মানবাধিকার লংঘনের সমালোচনা করে বলেন, "সন্ত্রাসের ব্যাপকতা ও ভয়াবহতা আজ আন্তর্জাতিক রূপ পেয়েছে। আমরা এমন একটি বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে একদিকে শান্তির জন্য আকাঙ্খা রয়েছে। অন্যদিকে সন্ত্রাসকে সমর্থন করে একটি গোষ্ঠী উল্লাস প্রকাশ করছে। এ জন্য আমাদের হতাশ হতে হয়।"
তিনি আরও বলেন, "এখন যে কোনও অজুহাতে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটছে। কৌশলে ভিন্নমতাদর্শের দেশ দখল করতে সৈন্য পাঠানো হচ্ছে। আমরা এসব নিরবে সহ্য করে যাচ্ছি। কিন্তু যতই নিরস্ত্রীকরণের কথা বলা হোক না কেন, সব ধরনের অস্ত্র নিরোধ না করা গেলে ইরাক, সুদানের মতো ঘটনা ঘটতেই থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24