রাজশাহী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজশাহীর পুঠিয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে আবু দাউদ (৪৫) নামে বিএনপির একজন কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দাউদ উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীর ছোট ভাই।
পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে বিড়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা দাউদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়।
মারাত্মক আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দাউদের মৃত্যু হয়।
এসআই বাবুল জানান, এ ঘটনায় দাউদের ছেলে আতাউর রহমান বিড়ালদহের ওয়াজেদ, শহিদুল ইসলাম, মাখু, রাজু, নাহিদ, হাসিব, আশরাফ, শাহজাহান, মমতাজ, সালেক, মকবুল, জাহিদুল, চান্দু ও জুয়েলেকে আসামি করে মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.
bdnews24