২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডের বই পাচ্ছে না মাধ্যমিকের শিক্ষার্থীরা, পুস্তক ব্যবসায়ীর ধর্মঘট

সহজ শর্তে বই পাওয়া ও কালোবাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পটুয়াখালী ও বরগুনার বই ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে। মাধ্যমিক স্তরের বোর্ড বই না পাওয়ায় নীলফামারীর বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যহত হচ্ছে মারাত্মকভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 07:02 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহজ শর্তে বই পাওয়া ও কালোবাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পটুয়াখালী ও বরগুনার বই ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে। মাধ্যমিক স্তরের বোর্ড বই না পাওয়ায় নীলফামারীর বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যহত হচ্ছে মারাত্মকভাবে। আমাদের প্রতিনিধি পাঠানো খবর- পটুয়াখালী: সহজ শর্তে বই পাওয়া এবং কালোবাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাংলাদেশ পুস্তক-প্রকাশক ও বিক্রেতা সমিতি পটুয়াখালী ও বরগুনা জেলা শাখা বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে। সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বোর্ড বই এখনও বাজারে আসেনি। বেশি দামে কিছু বই পাওয়া গেলেও তা দিয়ে শিক্ষার্থীদের চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না। এতে বাইয়ের জন্য ক্রেতাদের চাহিদার চাপে পড়ে সমিতি দু'জেলার আড়াই শতাধিক দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, "অসাধু পুস্তক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ অবিলম্বে বাজারে বোর্ড বই সরবরাহের নিশ্চয়তা না পেলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।" সমিতির সিনিয়ির সহসভাপতি আনোয়ারুল কবির জানান, ঢাকার প্রকাশকরা নির্ধারিত মূলের চেয়ে প্রতিটি বইয়ের মূল্য ১০ থেকে ১২ টাকা বেশি রাখছে। কিন্তু ক্রেতাদের কাছ থেকে তা নেওয়া সম্ভব নয়। এছড়া বইয়ের সঙ্গে প্রকাশকরা নিম্নমানের কিছু নোট বইও ক্রয় করতে বাধ্য করছে বিক্রেতাদের। "এর প্রতিবাদেই ধর্মঘটের ডাক দিয়েছে পটুয়াখালী ও বরগুনার পুস্তক বিক্রেতা সমিতি," আলমগীর বলেন। নীলফামারী: মাধ্যমিক স্তরের পর্যাপ্ত বোর্ড বই পাচ্ছে না নীলফামারীর শিক্ষার্থীরা। এ কারণে বিদ্যালয়ে পাঠদান ব্যহত হচ্ছে। বইয়ের জন্য অভিভাবকরা হন্যে হয়ে খুঁজছে এক লাইব্রেরি থেকে আরেক লইব্রেরিতে। তরপরও অনেকে বই পাচ্ছে না। কোনো কোনো লাইব্রেরিতে দুয়েকটি বই পাওয়া গেলেও বিক্রেতারা সেসগুলোর দাম চায় অনেক বেশি। এনিয়ে প্রতিদিনই ক্রেতা-বিক্রেতা ঝগড়া বিবাদ লেগে আছে। বই সংকটের প্রতিবাদে গত বুধবার উত্তরাঞ্চলের পুস্তক ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখে। বৃহস্পতিবার নীলফামারী শহরের জ্ঞানাঙ্কুর লাইব্রেরিতে বই কিনতে আসা সদর উপজেলার বাহালীপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, শাহপাড়া গ্রামের এনামুল শাহ, আব্দুল গণি শাহসহ অনেকেই জানান, গত এক মাস ধরে তারা সন্তানদের জন্য ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর একটি বইও কিনতে পারেননি। সন্তানদের ভবিষ্যত নিয়ে তারা শংকিত। তারা জানান, আর দেড় মাস পর অনুষ্ঠিত হবে প্রথম সাময়িক পরীক্ষা। এরপর এস.এস.সি পরীক্ষার জন্য স্কুল দীর্ঘ সময় বন্ধ থাকবে। পর্যাপ্ত বইয়ের অভাবে জেলার অধিকাংশ স্কুলে ঠিকমতো ক্লাস হচ্ছে না। জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উপ-কমিটির সম্পাদক মোজাম্মেল হক জানান, জেলার ১২০ জন পুস্তক বিক্রেতা গত দুই মাসে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বাংলা, অংক ও ইংরেজি বই পেয়েছে মাত্র ১৫ হাজার। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও অভিভাবক এসে বইয়ের জন্য চাপ দিচ্ছে। বই দিতে না পারায় অভিভাবকদের গালমন্দ শুনতে হচ্ছে। তিনি বলেন, "প্রকাশকরা বই সরবরাহ নিয়ে নানা খেলায় মেতে উঠেছে। অনেক প্রকাশক কিছু কিছু বই নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে কিনতে বাধ্য করছে।" অনেক ব্যবসায়ী বই কেনার জন্য এক মাস আগে প্রকাশকদের কাছে আগাম টাকা জমা দিয়েও সরবরাহ পাচ্ছেন না বলেও জানান তিনি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান বলেছেন, চলতি বছর ৯৩ হাজার ছাত্র-ছাত্রীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ১০ লাখ। তার কাছে প্রাপ্ত খবর অনুযায়ী জেলার পুস্তক ব্যবসায়ীরা ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও অংক বই বিক্রি করেছে মাত্র ১৮ থেকে ২০ হাজার। তিনি বলেন, "ঢাকার পুস্তক ব্যবসায়ীরা বোর্ড বইয়ের সঙ্গে জোর করে ধরিয়ে দিচ্ছে নোট বই। বইয়ের অভাবে পুরো জানুয়ারি মাসে জেলার কোনো বিদ্যালয়ে ক্লাস হয়নি। এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪১ ঘ.