ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক চোরাচালান মামলায় চাঁপাইনবাবগঞ্জে একজন এবং মাগুরায় দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, মাদক চোরাচালান মামলায় বুধবার মোজাহার আলী (৩০) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ হৃষিকেশ সাহা।
মোজাহার আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর-বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে।
এ মামলার অপর আসামি একই এলাকার সাইদুর রহমানের (৩১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া আদালত তাকে বেকসুর খালাস দেয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৬ ডিসেম্বর রাতে র্যাবের একটি দল মোজাহার ও সাইদুরকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় মোজাহারের কাছ থেকে র্যাব ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ওইদিনই র্যাব এ দু'জনকে সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এ মামলায় র্যাবের উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম ২০০৮ সালের ১৪ জানুয়ারি অভিযোগপত্র দেন।
মাগুরা প্রতিনিধি জানান, মাদক চোরাচালান মামলায় বুধবার দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাগুরার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নাজির আহমেদ। এছাড়া তাদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজাপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলাল হোসেন ও আব্দুর কাদের ব্যাপারী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ মার্চ রাতে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টারমিনাল থেকে পুলিশ এ দু'জনের দেহ তল্লাশি করে লুকিয়ে রাখা সাত লিটার তরল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ওইদিন রাতে সদর থানার উপ-পরিদর্শক সুনিল চৌধুরী একটি মামলা করেন।
আসামিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24