ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল কাহহার আকন্দকে পুনর্বহাল করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলায় জয়ী হয়ে বুধবার তিনি পুলিশ সদর দপ্তরে যোগ দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখার উপ-সচিব রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চ আদালতের রায়ে জয়ী হয়ে কাহহার আকন্দ পুলিশ সদর দপ্তরে যোগ দিয়েছেন। তাকে পুনর্বহালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
আবদুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০২ সালের ২১ অক্টোবর আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আদালতে মামলা দায়ের করি। গত ২৬ জানুয়ারি বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে আমাকে চাকরিতে পুনর্বহালের জন্য আদালত সরকারকে নির্দেশ দেয়।"
তিনি জানান, আদালতের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর পর মন্ত্রণালয় থেকে তাকে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে বলা হয়। সে অনুযায়ী তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন।
তবে চাকরিতে যোগদানের মাত্র একদিন পরই বৃহস্পতিবার অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) চলে যাবেন এই অতিরিক্ত পুলিশ সুপার।
কি কারণে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল- এ প্রশ্নের জবাবে আবদুল কাহহার আকন্দ বলেন, "সরকার কোনো কারণ না জানিয়েই আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল
bdnews24