২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের 'জিহাদ বাহিনী'র প্রধানসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল 'জিহাদ বাহিনী'র প্রধান জিহাদ এবং তার চার সহযোগিকে বুধবার আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 08:34 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

বাগেরহাট, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল 'জিহাদ বাহিনী'র প্রধান জিহাদ এবং তার চার সহযোগিকে বুধবার আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশ। সকাল ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কাটামারী এলাকা থেকে তাদের গ্রপ্তার করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। গ্রেপ্তার ডাকাতরা হচ্ছে- ডাকাত দলের প্রধান বাগেরহাটের রামপাল উপজেলার বর্ণি গ্রামের জিহাদ (৩৫), তার সহযোগি সদর উপজেলার পিসি ডেমা গ্রামের ওমর ফারুক (৩২), বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আমতলী গ্রামের মতিয়ার শিকদার ওরফে মতি (৩৩), একই উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের রিপন (২৯) ও আব্দুল বারেক (৩২)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি ডবল ব্যারেল বন্দুক, ২টি পয়েন্ট টু-টু বোর রাইফেল, ৫টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৫০টি গুলি, কয়েকটি রামদা ও ছুরি। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রলারও উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার সকাল ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কাটামারী এলাকায় অভিযান চালায়। কুখ্যাত বনদস্যু জিহাদ এ সময় তার বাহিনী নিয়ে ট্রলার ডাকাতি করছিল।" আওলাদ আলী ফকির বলেন, "পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় উভয় পক্ষে প্রায় এক ঘণ্টা বন্দুক যুদ্ধ হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা জিহাদ এবং তার চার সহযোগিকে নয়টি আগ্নেয়াস্ত্র, ২৫০টি গুলি, ধারালো অস্ত্র ও একটি ট্রলারসহ গ্রেপ্তার করে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়।" তিনি বলেন, "বনদস্যু জিহাদের বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় সুন্দরবন ও বঙ্গোপসাগরের জেলে, বাওয়ালী, মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক হত্যার অভিযোগ রয়েছে।" গ্রেপ্তার ডাকাতদের শরণখোলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩১ ঘ.