ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় অবশেষে বাদির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন আলোচিত এ মামলাগুলোর বাদি তৎকালীন মতিঝিল থানার উপ পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামি ২ ফেব্র"য়ারি অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
এর আগে বাদির সাক্ষ্য গ্রহণ শুরু করার পরও রাষ্ট্র পক্ষের সময় আবেদনের কারণে দুইবার তা শেষ না হয়ে পিছিয়ে যায়।
গত বছরের ২৩ নভেম্বর শেষবারের মতো বাদির সাক্ষ্য নেওয়া হয়েছিল। ২ মাস ৪ দিন পর মঙ্গলবার বাদির অসম্পূর্ণ সাক্ষ্য সম্পূর্ণ হলো।
দ্রুত বিচার ট্রাইবুনাল আইন অনুযায়ী ১৩৫ কার্য দিবসের মধ্যে মামলার বিচার শেষ করার বিধান রয়েছে।
মামলা দুইটিতে বাদির পরে রাষ্ট্রপক্ষে আরও ৪১১ জন সাক্ষী রয়েছে।
গত ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হলে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ ২০ জনের বেশি নিহত হন। নানা মাত্রায় আহত হন কয়েকশ।
গ্রেনেডের শব্দে শেখ হাসিনার শ্রবণ শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গত বছরের ১১ জুন ওই ঘটনায় সিআইডি পুলিশ হত্যা ও বিস্ফোরকের পৃথক আইনে দুইটি পৃথক অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্র দুইটিতে সাবেক জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতী আবদুল হান্নান সহ ২২ জনকে আসামি করা হয়। সালাম পিন্টু, হান্নান সহ ১৪ জন কারাগারে। বাকি ৮ জন পলাতক রয়েছে।
এদিকে মঙ্গলবার ২০০১ সালের ১৪ এপ্রিলে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হরকাতুল জিহাদ প্রধান মুফতী হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে দুই মামলার শুনানি হয়নি। ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মঙ্গলবার এই ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
অন্যদিকে একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযোগপত্র গ্রহণের শুনানির জন্যও তারিখ ধার্য ছিল। কিন্তু এই দুই মামলার আসামি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার কয়েক জন আসামি একই ব্যক্তি হওয়ায় এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি চলার কারণে এই দুই মামলায় অভিযুক্তদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা যায়নি।
ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ আগামী ৪ ফেব্র"য়ারি রমনা বটমূলে বোমা হামলার দুই মামলার শুনানির জন্য পুনরায় দিন ধার্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২৩২৭ঘ.
bdnews24