ঢাকা জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রশাসনে চলমান রদবদলের মধ্যে এক বড়সড় উদ্যোগে একসঙ্গে ৭২ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে নতুন সরকার।
মঙ্গলবার রাতে সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
একই দিন প্রশাসনের উপ-সচিব পর্যায়ের ২২ জন কর্মকর্তার পদে রদবদল করা হয়।
এর আগে চলতি সপ্তাহে দু'দফায় ১০ জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
মঙ্গলবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৭৯ ব্যাচের একজন, ১৯৮১ ব্যাচের তিন জন, ১৯৮২ ব্যাচের ৪৫ জন, ১৯৮২ বিশেষ ব্যাচের ৬ জন এবং অন্যান্য ক্যাডারের বিভিন্ন ব্যাচের ১৭ কর্মকর্তা রয়েছেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই প্রশাসনে পদোন্নতিসহ বড় ধরনের রদবদল করলো।
বিগত চারদলীয় জোট সরকার তাদের সময় প্রশাসনে ব্যাপক দলীয়করণ করেছিল বলে আওয়ামী লীগসহ তখনকার বিরোধীদলগুলোর অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/এসকে/২১৪৭ঘ.
bdnews24