মাদারীপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর মোল্লারহাট এলাকায় আড়িয়াল খাঁ নদীতে ডুবে যাওয়া ট্রলার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুজন।
সোমাবার বিকেলে তীব্র স্রোতে যাত্রীবোঝাই ট্রলারটি উল্টে যায়। ট্রলারে বিশ-পঁচিশজন যাত্রী ছাড়াও বিপুল পরিমাণ চাল ছিল। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত পাঁচ নিখোঁজ ছিলেন বলে প্রশাসন জানায়।
ঘটনাস্থলে কর্তব্যরত কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর আলী জানান, ট্রলারটি যেখানে ডুবেছে তার কাছাকাছি ভাসমান অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও দুজন এখনও নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হল- কালকিনি উপজেলার উত্তর বাঁশগাড়ি গ্রামের চঞ্চল সরদারের মেয়ে তানিয়া (১২) ও রায়পুর ভাটাবালি গ্রামের সাদেক ভূঁইয়ার ছেলে রেজাউল করিম রেজা (২৬)।
নিখোঁজ দুজন হল- তাসলিমা ও জিয়াসমিন। এদের বাড়ি কোথাও জানা যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা উদ্ধারকারী জাহাজ এমভি সিলভার সান ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে কাজ শুরু করেছে। এছাড়া মাদারীপুর থেকে আসা দমকলকর্মী ও স্থানীয় ডুবুরীরা বাকি দুজনের লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ১৮৪৬ঘ.
bdnews24