২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খতিব বিতর্ক অবসানে উদ্যোগ নিয়েছে সরকার

বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব মাওলানা সালাউদ্দীনের নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব মাওলানা সালাউদ্দীনের নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া মঙ্গলবার এ এতথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "নতুন খতিবের বিরোধিতাকারীদের নেতা চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সরকারের এক দফা আলোচনা হয়েছে।" আন্দোলনকারীদের সঙ্গে আরো আলোচনা করে আগামী শুক্রবারের মধ্যেই সমস্যা সমাধান করা হবে আশা প্রকাশ করে ধর্ম মন্ত্রী বলেন, "যদি সরকারের এ আলোচনার উদ্যোগে সমাধান না হয়, তবে সরকার কোন বিশৃঙ্খলা মেনে নেবে না।" এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে শাহজাহান মিয়া বলেন,"নবনিযুক্ত খতিবকে নিয়ে আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মসজিদ নিয়ে অপরাজনীতির চেষ্টা কোনভাবেই সরকার মেনে নেবে না।" তিনি বলেন, "নতুন খতিবকে এ সরকার নিয়োগ করেনি, করেছে তত্ত্বাবধায়ক সরকার। এখানে আমরা কোন পক্ষপাত করিনি। দেশের হাজার হাজার মানুষ এ খতীবের পেছনে নামাজ পড়ছেন। তাদের কোন সমস্যা না হলে যারা আন্দোলন করছে, তাদের কেন সমস্যা হবে? নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তারপরও সরকার চায় আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে।" নতুন খতিব সালাউদ্দীনের পেছনে নামাজ পড়া নিয়ে গত তিন জুম্মার নামাজে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুতোজুতি, হাতাহাতি ও মিছিলের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৬২৫ ঘ.