ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিলে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
"স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিলে আইন মন্ত্রণালয় থেকে আইনি সহায়তা দেওয়া হবে," সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে বলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শফিক আহমেদ এসময় মন্তব্য করেন, ট্রাইব্যুনাল গঠন করে ১৯৭৩ সালের 'আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট' অনুযায়ীই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দালাল আইন পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই। ১৯৭৩ সালের আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এখনো রয়েছে। ওই আইনেই তাদের বিচার করা সম্ভব। তবে এ আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে।"
এদিকে আইনমন্ত্রীর এ বক্তব্যের পর সোমবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির প্রথম সভা শেষে প্রতিমন্ত্রী সোহেল তাজ যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, "এবারের নির্বাচনে মহাজোটের একটি প্রতিশ্র"তি ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা যা দেশের প্রায় দেড় কোটি তরুণ ভোটারসহ দেশবাসী গ্রহণ করেছে। তাই মানুষের রায় বিবেচনায় রেখে যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা রাখবে।"
এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহায়তা চান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংসদ নির্বাচনে জয়লাভের পরপরই ১ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিনের সঙ্গে সাক্ষাতে যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা চেয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।
এ বিষয়ে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জাতিসংঘ প্রতিনিধি মন্ত্রীকে আশ্বস্ত করেন।
পরে রেনেটা লক ডেসালিয়েন সাংবাদিকদের বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চাইলে এ বিষয়ে কিভাবে সহায়তা দেওয়া যায় তা খতিয়ে দেখা হবে।"
গত ২৪ জানুয়ারি 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির' ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের অঙ্গীকার জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেআরসি/জিএনএ/এসকে/২২১৭ঘ.
bdnews24