২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আসনবিন্যাস নিয়ে আবার বিতর্ক

সংসদের আসনবিন্যাস নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন নতুন স্পিকার আব্দুল হামিদ। সংসদের প্রথম অধিবেশন শুরুর একদিন পরেই সোমবার এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আসনবিন্যাস নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন নতুন স্পিকার আব্দুল হামিদ। সংসদের প্রথম অধিবেশন শুরুর একদিন পরেই সোমবার এ কথা বলেন তিনি। সোমবার সন্ধ্যায় প্রধান হুইপ আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্পিকার সরকারি দল ও বিরোধী দলের সঙ্গে আসনবিন্যাসের ব্যাপারে মঙ্গলবার সকালে বৈঠক করবেন। তিনি বলেন, "সরকারি দল এখনো প্রাপ্ত আসন অনুযায়ী আসনবিন্যাসের পক্ষে তাদের অবস্থানে অনড়। এই আসনবিন্যাস অনুযায়ী বিএনপি সংসদে তাদের প্রাপ্ত ৩০টি আসনের বিপরীতে সামনের সারিতে তিনটি আসন পাবে।" স্পিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদায়ী স্পিকার যেভাবে আসনবিন্যাস করে গিয়েছেন তা ঠিক ছিল না। এটার পরিবর্তন করা হবে।" তিনি বলেন, "সরকারি ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই নতুন আসনবিন্যাস চূড়ান্ত করা হবে।" এর আগে প্রধান হুইপ আব্দুস শহীদ বিদায়ী স্পিকার জমির উদ্দিন সরকারের আসনবিন্যাসের প্রতিবাদ জানান। তিনি এই আসনবিন্যাসকে 'সরকারি দল এবং সংসদের নেতার অবমাননা'র সমার্থক বলে মনে করেন। শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখনো সামনের সারিতে বিরোধী দলের আসনের সংখ্যা সংসদে প্রাপ্ত মোট আসন সংখ্যার এক-দশমাংশ রাখার পক্ষে অনড়।" "আজ (সোমবার) সন্ধ্যায় স্পিকার, ডেপুটি স্পিকারর ও আমার মধ্যে এ ব্যাপারে আলোচনা হয়। তিনি সরকারি ও বিরোধী দলগুলোর সঙ্গে কাল (মঙ্গলবার) সকালে আলোচনা করবেন।" ইতোমধ্যে বিএনপি'র সিনিয়র সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিষ্কারভাবে জানিয়েছেন, পরিবর্তিত আসন বিন্যাস মেনে নিবে না বিএনপি। বিদায়ী স্পিকার জমির উদ্দিন সরকার প্রধান হুইপের আসনবিন্যাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার বাম দিকের প্রথম দুই সারিতে প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্য দুই বিরোধী দলকে বসতে দেন। আব্দুস শহীদ তার খসড়া আসনবিন্যাসে সামনের সারির ১০টি আসনের মধ্যে তিনটি আসন দেন প্রধান বিরোধী দলকে। প্রধান বিরোধী দল বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে। অধিবেশনের প্রথম দিন রোববার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্পিকার কেন এককভাবে এই সিদ্দান্ত নিলেন তার কাছে আমি তা জানতে চেয়েছি।" স্পিকারকে উদ্ধৃত করে শহীদ বলেন, "আমি সংসদীয় রীতি এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী যা ঠিক মনে করেছি, তাই করেছি। আমার সিদ্ধান্ত ভুল মনে হলে নতুন স্পিকার এই বিন্যাস পরিবর্তন করতে পারেন।" কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার আসন বিন্যাস চূড়ান্ত করবেন এবং তিনি ইচ্ছা করলে সরকারি দলের সুপারিশ গ্রহণ অথবা বর্জন করতে পারেন। কার্যপ্রণালী বিধি (৭) অনুযায়ী স্পিকার যেকোন সময় আসনবিন্যাস পরিবর্তন করতে পারেন। কিন্তু প্রচলিত রীতি অনুযায়ী, বিদায়ী স্পিকারের সরকারী দল ও বিরোধী দলের হুইপদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসনবিন্যাস চূড়ান্ত করার কথা। বিদায়ী স্পিকার মুহাম্মদ জমির উদ্দিন সরকার সরকারী দলের সঙ্গে আলোচনা ছাড়াই আসনবিন্যাস চূড়ান্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জিএনএ/১৯৪৮ ঘ.