মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাওরাকান্দি নৌ পথে শনিবার রাত সাড়ে ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
ওই সময় দেড়শ' যানবাহন নিয়ে পাঁচটি ফেরি পদ্মা নদীবক্ষে আটকা পড়ে। মাওয়া ঘাটে আরও তিনটি ফেরি যানবাহন বোঝাই করলেও গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। এ কারণে উভয় ঘাটে চার শতাধিক যাত্রবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরণী নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ১১ টার দিকে কুয়াশা কাটার পর ফেরি চালু হয়। কিন্তু যানজট কাটেনি। রাতে ফেরি পারাপার স্বাভাবিক থাকলে যানজট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24