ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা এবং গাইবান্ধায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মহিলাসহ দুজন নিহত হন। আহত হন আরো ১০ জন। শুক্রবার গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় উল্টে যাওয়া বাস চাপা পড়ে একজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বেলতলীতে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাস চালকের সহকারী আলী মর্তুজা (৩৫) ও বাসযাত্রী অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃত্যু হয়।
কুমিল্লা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বেলতলী পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় আরো ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, পুলিশ বাসটি আটক করেছে । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঠুটিয়াপুকুর কাঠের ব্রিজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শুক্রবার রাতে সাইফুল ইসলাম (৩২) নামে একজন নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছেন। সাইফুলের বাড়ি পলাশবাড়ি উপজেলার ঠুটিয়াপুকুর গ্রামে। আহতদের মধ্যে চারজনকে গাইবান্ধা সদর ও অন্যদের পলাশবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আনুমানিক ১১টায় বগুড়া থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা-চ-২৮৯৪) বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসচাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী সাইফুল নিহত হন।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএএ/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24