ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর, নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও শেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু'জন নিহত এবং কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে ফরিদপুরের সালথায় বাগবিতণ্ডার জের ধরে আক্কাস মাতুব্বর (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুটি পৃথক সহিংসতায় ইদ্রিস মোল্যা (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের নবীর মোল্যার ছেলে। সহিংসতায় আহত হয়েছে আরও পাঁচজন।
বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় র্যাব-পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৭ জন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শেরপুরের শ্রীবর্দী উপজেলা নির্বাচনে পরাজিত আ. লীগ সমর্থিত প্রার্থী মো. আশরাফ হোসেন খোকার সমর্থকরা ইউএনও'র বাসা, কার্যালয়ের দরজা, জানালা এবং তিনটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় বাসযাত্রী ও পথচারীসহ ১০ জন সামান্য আহত হয়েছেন।
এছাড়া বৃহস্পতিবার রাতে জামালপুরের কেন্দুয়া একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এবং স্থানীয় বিএনপির একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার নির্বাচনের দিন সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়। আহত হয় অন্তত দুই শতাধিক লোক। এছাড়া বিভিন্ন স্থানে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টাও হয়। এর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের বেলকুচি, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নির্বাচন এবং বেশ কিছু কেন্দ্রের ভোটগ্রণ স্থগিত করা হয়। নির্বাচনের আগের দিন সহিংসতার কারণে কক্সবাজারের উখিয়ায়ও নির্বাচন স্থগিত করা হয়। গত ১৫ জানুয়ারি স্থগিত করা হয় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: শুক্রবার সকাল ৭টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা গ্রামে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সমর্থক আক্কাসের সঙ্গে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইমামুল হসোনে তারার সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। তারার সমর্থকরা এক পর্যায়ে আক্কাসকে পিটিয়ে ও পদপিষ্ট করে হত্যা করে। তিনি পাটপাশা গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার সাহা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আক্কাসকে রক্ষা করতে গেলে আহত হন আরও তিনজন। এদের মধ্যে গুরুতর আহত লাবলু মিয়াকে (৩০) সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি ওসি।
নড়াইল: সকালে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে প্রতিপক্ষের হামলায় ইদ্রিস মোল্লা নিহত হন। আহত হয়েছেন মিরাজ মোল্লা (২৫), মিজানুর রহমান (৩০), সেলিম দফাদার (৩৫)। এদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মিরাজ মোল্লা সাংবাদিকদের জানান, তিনি অন্যদের সঙ্গে বাড়ির পাশে বোরো ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আব্দুল্লাহ, সাইফুলসহ ৮/১০জন সন্ত্রাসী উপর লাঠি ও রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত ইদ্রিসকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঁকা গ্রামের দুই গ্র"পের মধ্যে দুই বছর যাবত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দুই মাস আগে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এ নিয়ে আজকের (শুক্রবার) সংঘর্ষ।"
তবে ওই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, আগের বিরোধ থাকলেও সদ্য শেষ হওয়া উপজেলা নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিরোধ বাড়ে। ইদ্রিস মোল্লা বিএনপি সমর্থক ছিলেন। এ উপজেলায় বিএনপির প্রার্থী না থাকায় তিনি ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের পক্ষে কাজ করেন। অপরদিকে অভিযুক্তরা আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত প্রার্থী এস এম এ হান্নান রুনুর পক্ষে কাজ করেছিলেন।
অন্য ঘটনাটি ঘটেছে লোহাগড়া পৌর এলাকায়। পৌর এলাকার কুন্দশী মোড়ে জেলা বিএনপি সহ-সভাপতি সরোয়ার রহমান ও লোহাগড়া উপজেলা নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম আবু হায়াত সাবুকে হকিস্টিক দিয়ে মারধর করা হয়। আহত সরোয়ারকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে এবং এস সাবুকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাবু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে।
হামলার ব্যাপারে জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, হামলা ও মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। তবে তার দলের কেউ ঘটনা দুটির সঙ্গে জড়িত আছে কিনা সে ব্যাপারে খোঁজখবর না নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বলেন, ঘটনা দুটির কথা তিনি শুনেছেন। তবে থানায় কেউ এজাহার দায়ের করেনি। কেউ গ্রেপ্তারও হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া: শুক্রবার বিকেলে উপজেলা নির্বাচনে কারচুপির প্রতিবাদ এবং নির্বাচন বাতিলের দাবিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবু আসিফের কয়েক হাজার সমর্থক আশুগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে। পুলিশ নিবৃত্ত করতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠে। র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে র্যাব ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়। এতে অন্তত ২৫ আহত হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে বলে জানান
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম।
তিনি জানান, আবু আসিফের সমর্থকরা উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংঘর্ষ চলছিল বলেও তিনি জানান।
জামালপুর: বৃহস্পতিবার রাত ১০টায় জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ি বাজারে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এবং স্থানীয় বিএনপির একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। ওই সময় বিভিন্ন কেন্দ্রে ভোটগণনা চলছিল।
ওই ব্যবসায়ী ও কেন্দুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান অভিযোগ করেন, সদর উপজেলার পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদুজ্জামান প্রদীপের ক্যাডাররা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তছনছ করে। হামলাকারীরা নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মাল লুট করে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, হামলাকারীরা এক পর্যায়ে বাজারে অপর পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী রহুল আমিন মিলনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। জামালপুর থেকে দমকল কর্মীরা এসে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ এখনও অভিযোগ করেনি।
শেরপুর: শ্রীবর্দী উপজেলা নির্বাচনে পরাজিত আ. লীগ সমর্থিত প্রার্থী মো. আশরাফ হোসেন খোকার নেতৃত্বে তার সমর্থকরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ইউএনও'র কার্যালয় ও বাসা আধ ঘণ্টা ঘেরাও করে রাখে। বিক্ষোভকারীরা তার বাসা ও কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে। এছাড়া কয়েকটি দোকান, দুটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করে তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সন্ধ্যা ৭টায় ইউএনও এনামুল হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় খোকাকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24