২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী,এমপিরা প্রভাব খাটানোর চেষ্টা করেছেন: সিইসি

কম ভোটার উপস্থিতি এবং অনেক স্থানে সহিংসতা ও অনিয়মের ঘটনায় সার্বিকভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 11:42 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কম ভোটার উপস্থিতি এবং অনেক স্থানে সহিংসতা ও অনিয়মের ঘটনায় সার্বিকভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কিছু উপজেলায় নির্বাচনের সময় মন্ত্রী,এমপিরা প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সাংবাদিকদের বলেন, "দীর্ঘ ১৮ বছর পর উপজেলা পরিষদ প্রতিষ্ঠা হবে, জনগণের ইচ্ছার প্রকাশ ঘটবে, এটাই চেয়েছিলাম। তবে এখন আমাদের কিছু অসন্তোষ রয়েই গেল। যে পরিমাণে ভোটারদের উপস্থিতি আশা করেছিলাম, তেমনটা হয়নি।" তরুণ ও মহিলা ভোটারদের উপস্থিতির হার জাতীয় নির্বাচনে বেশি থাকলেও উপজেলায় কেন কম হলো তা অনুসন্ধান করা হবে বলে জানান তিনি। অতীতে ক্ষমতাসীন দল নির্বাচনে বরাবরই প্রভাব ফেলেছে মন্তব্য করে শামসুল হুদা বলেন, "আমরা এই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের আমলেই করতে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক সরকারের আমলে মন্ত্রী,এমপিরা কোথাও কোথাও প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। যেসব এলাকায় এ ধরনের অভিযোগ পেয়েছি, সেসব উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।" সিরাজগঞ্জের বেলকুচি, কুমিল্লার বরুড়া, লক্ষীপুরের রামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনের আগেই খাগড়াছড়ির দিঘিনালা ও কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সিইসি বলেন নির্বাচনে বড় ধরনের সহিংসতা না হলেও ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রচেষ্টা ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। সিইসি বলেন, এজন্য ছয়টি উপজেলায় নির্বাচন স্থগিত করতে হয়েছে। সিরাজগঞ্জ এলাকার একজন মন্ত্রী (আব্দুল লতিফ বিশ্বাস) ও কক্সবাজার এলাকার এক সাংসদ (আব্দুর রহমান বদি) সংশ্লিষ্ট উপজেলায় প্রভাব খাটানোর চেষ্টা করেছেন বলে জানান তিনি। শামসুল হক বলেন, "রাজনৈতিক সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসছে, এমনটাই আশা করছি আমরা। মন্ত্রী, এমপিরা ক্ষমতার অপব্যবহার করবেন, এমনটা আশা করিনি।" নির্বাচনে রাজনৈতিক প্রভাব কিভাবে প্রতিহত করা যায় সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এবারের উপজেলা নির্বাচনে কমভোট পড়ার কথা বলার পাশাপাশি সিইসি আগের দুটি উপজেলা নির্বাচনেও ভোটের হার কম হওয়ার কথা উল্লেখ করেন। ভোট পড়ার হার প্রায় ৫০ শতাংশ হলেও তা সন্তোষজনক হবে বলে মত দেন তিনি। গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড পরিমাণ শতকরা ৮৭ শতাংশ ভোট পড়ে। এর আগে আরেকজন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গাজীপুর এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, "শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে, ভোট পড়ার হার আশাব্যঞ্জক নয়।" কয়েকটি নির্বাচনী এলাকায় যে 'গণ্ডগোল হয়েছে' ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাই তার জন্য দায়ী দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, "এটি কখনো কাম্য নয়।" নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট কি না তা জানতে চাইলে সাখাওয়াত বলেন, "আমি আদৌ সন্তুষ্ট নই। তবে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি।" আরেক কমিশনার মুহাম্মদ ছহুল হুসাইন ৪৮১টি উপজেলার মধ্যে মাত্র ছয়টি উপজেলায় নির্বাচন স্থগিত ও বড় ধরণের সহিংসতা না হওয়াতে সন্তোষ প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এসকে/১৮০৪ঘ.