ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে কমানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী।
বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে সমিতির নেতাদের এক বৈঠকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, "ভোক্তা সাধারণের জন্য মন্ত্রীকে আজ আমরা একটি উপহার দিচ্ছি। আর সেটি হলো আগামী শনিবার থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে কমানো হবে।"
বৈঠকে উপস্থিত এক ব্যবসায়ী জানান, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮১ টাকা করে বিক্রি হচ্ছে। শনিবার থেকে তা লিটার প্রতি ৭৬ টাকা হবে।
এ সময় মন্ত্রী বলেন, "আশা করি আজকের এই বৈঠকের পর তেলের দাম আরো কমবে এবং ওজন নিয়ে যে ছোটখাট সমস্যা আছে সেটিও দূর হয়ে যাবে।"
ব্যবসায়ীরা জানান, জুন মাস থেকে তেলের এক লিটারের বোতলে এক লিটার তেলই থাকবে।
ভোজ্য তেল সমিতির ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "তেলের বোতলে ৯০০ গ্রাম লেখা থাকলে ৯০০ গ্রামেরই দাম রাখা হয়।"
বৈঠকে বাণিজ্যমন্ত্রী তেলের ভেজাল ও ওজনে সমস্যা না থাকা এবং হাত ঘুরে ঘুরে যাতে দাম বেশি না হয় সে জন্য প্রয়োজনে মনিটরিং করে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান।
বৈঠকে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী সেসব সমস্যা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ব্যবসায়ীরাও সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এজে/জিএনএ/১৪৩৯ ঘ.
bdnews24