২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া দুটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ

চালককে অজ্ঞান করে চুরি করে নেওয়া দুটি প্রাইভেট কার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে একটি গাড়ি পাঁচ দিন আগে চুরি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চালককে অজ্ঞান করে চুরি করে নেওয়া দুটি প্রাইভেট কার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে একটি গাড়ি পাঁচ দিন আগে চুরি হয়েছিল। বুধবার সকালে ডিবির গাড়ি চুরি প্রতিরোধ টিমের প্রধান এডিসি মাসুদুর রহমানের নেতৃত্বে এসি মোখলেসুর রহমান রাজধানীর মোহাম্মদপুর থেকে চোরাই দলের হোতা ফিরোজ আলম ওরফে গাফফারকে গ্রেপ্তার করে। ফিরোজের দখল থেকেই গাড়ি দুটি উদ্ধার করা হয়। সে গাড়িদুটি কৌশলে চুরি করার কথা স্বীকার করেছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ তছলিমের একটি টয়োটা এলিয়েন প্রাইভেট কার ড্রাইভারকে অজ্ঞান করে চুরি হয়। ড্রাইভার আনসারের জ্ঞান ফিরলে সে জানায়, পূর্ব পরিচিত ফিরোজকে গাড়ি চালানো শেখাতে গেলে সে বিস্কুট ও ২টি ফলের রস খাইয়ে তাকে অজ্ঞান করে। আনসারকে পথে ফেলে দিয়ে ফিরোজ গাড়ি নিয়ে পালিয়ে যায়। তেজগাঁও থানায় মামলা দায়েরের পরে ডিবি তদন্তে নামে। তারা নিশ্চিত হন, ফিরোজই গাড়িটি চুরি করেছে। সোমবার সকালে মোহাম্মদপুর থেকে একটি স্টেশন ওয়াগন গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজের স্বীকারোক্তি অনুযায়ী মোহাম্মদপুর বিজলী মহল্লা থেকে এলিয়েন গাড়িটি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩১২ঘ.