ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক সচিব তৌফিক-ই ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে বরং তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে জাতীয় স্বার্থ বিরোধী তেল গ্যাস চুক্তি সম্পাদনে তৌফিক-ই ইলাহীর মূখ্য ভূমিকা ছিল।"
তিনি অভিযোগ করে বলেন, মাগুরছড়া গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ডে সরকার যাতে ইউনোক্যালের কাছে থেকে ক্ষতিপূরণ না পায় সেজন্য সরকারের ভেতর থেকে যারা ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা তৌফিক-ই ইলাহী তাদের মধ্যে একজন। বিতর্কিত প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে চুক্তি সম্পাদনেও তার ভূমিকা আছে বলে দাবি করেন আনু মুহাম্মদ।
আনু মুহাম্মদ বলেন, "এশিয়া এনার্জির ফুলবাড়ী কয়লা খনির কাজ প্রাপ্তির সঙ্গে তিনি জড়িত। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে।"
জ্বালানি মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তৌফিক-ই ইলাহীকে দেওয়া হলে 'জনগণ তা কখনই গ্রহণ করবে না' মন্তব্য করে তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের তাগিদ দেন।
আনু মুহাম্মদ আরো বলেন, "আমরা মনে করি এ সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তারা যদি এ ধরনের লোকজনকে নিয়োগ দেয় তাহলে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে। একধরনের অনাস্থা কাজ করবে।"
এ বিষয়ে তৌফিক-ই ইলাহী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক বিষয় নিয়ে আদালতে মামলা আছে। বিচারাধীন কোনও বিষয় নিয়ে বলার নেই। তাদের চিন্তার ও বলার অধিকার আছে। আমি যখন দায়িত্বে ছিলাম তখন তথ্য অধিকার আইন ছিল না। তাই জন-সাধারণকে অনেক কিছুই জানানো যায়নি।"
তিনি বলেন, "তাদের অভিমত থাকতেই পারে। তবে আমরা কাজ দিয়ে প্রমাণ করবো। আমি উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি নিয়ে কিছু বলিনি।"
১৫ জানুয়ারি তৌফিক-ই ইলাহী চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রীর নিজের দায়িত্বে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজে তাকে সহায়তা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কিউএইচ/এসকে/২০২১ঘ.
bdnews24