২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারধর করায় রাজশাহীতে কারারক্ষীদের বিক্ষোভ

একজন কারারক্ষীকে লাঠিপেটা করায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কয়েকশ কারারক্ষী শনিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

রাজশাহী, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন কারারক্ষীকে লাঠিপেটা করায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কয়েকশ কারারক্ষী শনিবার সন্ধ্যায় বিক্ষোভ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারারক্ষী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিভাগীয় আন্ত:জেলা কারাবন্দি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সিনিয়র সুপার হারুন অর রশিদ সিনিয়র কারারক্ষী মোস্তাফিজুর রহমানকে লাঠিপেটা করেন। তারা জানান, দুপুরে কারাগারের উৎপাদন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা কারাবন্দিদের বসানো হয়। এ সময় কারাবন্দিরে মধ্যে বিশৃঙ্খলার অজুহাতে সিনিয়র সুপার হারুন অর রশিদ কারারক্ষী মোস্তাফিজুর রহমানকে চড়-থাপ্পড় মারেন এবং তার (মোস্তাফিজ) হাতের লাঠি কেড়ে নিয়ে পেটান। সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শেষে কারারক্ষীরা এ ঘটনায় সিনিয়র সুপারের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক শেফাউল করিম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ কারারক্ষীদের শান্ত করার চেষ্টা করেন। কারারক্ষীরা সিনিয়র সুপার হারুন অর রশিদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সিনিয়র সুপার হারুন অর রশিদ কারারক্ষীদের বিক্ষোভের বিষয়টি অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৫ ঘ.