ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর ভাসানটেক এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. রতন (২৯) নামে একজন মারা গেছেন।
রতন স্থানীয় ছাত্রদল কর্মী ছিলেন বলে জানান তার ছোটভাই দেলোয়ার হোসেন। তিনি উত্তর ভাসানটেক এলাকার মাইনুদ্দীনের ছেলে।
দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের বাসার কাছে পুলিশের বাড়ি এলাকায় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দেলোয়ার বলেন, "রতনের কোমরের দু'পাশে গুলি লেগেছে। সে ছাত্র রাজনীতির পাশপাশি সময় ভাড়া গাড়ির (রেন্ট এ কার) ব্যবসাও করত।"
এ ব্যাপারে কাফরুল থানার উপ-পরিদর্শক এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উত্তর ভাসানটেক এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থানায় জানানো হয়েছে। আমাদের কর্মকর্তারা হাসপাতালে গেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/০০২৩ ঘ.
bdnews24