ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের নারী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
বাণিজ্য মন্ত্রী অনুষ্ঠানে বলেন, "বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ পদে রয়েছেন নারীরা। তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছেন বলেই এ পদগুলোতে রয়েছেন।"
অনুষ্ঠানে বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির বিদায়ী সভাপতি নাসরিন আওয়াল মিন্টু নারী উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন।
তিনি বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন ফান্ডে নারী উদ্যোক্তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা দরকার। কেননা এই ফান্ড থেকে শুধু পুরুষ উদ্যোক্তারাই সহায়তা পেয়ে আসতেন।"
অনুষ্ঠানে বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির নতুন সভাপতি রেহানা রহমান ও আওয়ামী লীগ সাংসদ ফজলে নূর তাপসও বক্তব্য দেন।
সভায় পর নতুন সভাপতি রেহানা রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নতুন সরকারের কাছে শুধুমাত্র নারীদের জন্য একটি বিশেষায়িত ব্যাংক করার অনেকদিনের দাবি তুলে ধরেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বিদায়ী সভাপতি নাসরিন আওয়াল মিন্টু বলেন, "সরকার সহায়তা করলে বড়, মধ্য ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা মিলে ব্যাংকটি প্রতিষ্ঠা করতে পারেন।"
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্রগতি সেন্টারে সংগঠনের নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
সভায় নাসরিন আওয়াল বলেন, "আজ থেকে ১০ বছর আগে যখন নারীদের এ সংগঠনটি যাত্রা শুরু করে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। অনেকেই বলেছিল এরা পারবে না। কিন্তু আজ তাদের ভুল ভেঙেছে।"
বর্তমানে দেশের ৬টি বিভাগীয় ও ৩৪টি জেলা শহরে সাত হাজার সদস্যবিশিষ্ট এ সংগঠনের কার্যক্রম রয়েছে বলে তিনি জানান।
নতুন কমিটির প্রথম সহ-সভাপতি শাহরুক রহমান ও সহ
bdnews24