ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুয়াশার কারণে বুধবার রাতেও জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বেশকিছু ফ্লাইট সময়মতো অবতরণ করতে পারেনি।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের তথ্য সহকারী অজিত ভৌমিক জানান, ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট বুধবার রাত ১টা ৫০ মিনিটে অবতরণ করার কথা থাকলেও কুয়াশার কারণে পারেনি। ফ্লাইটটি পরে দিল্লীতে নামে। বৃহস্পতিবার রাত ১০টায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে পারে।
এছাড়া বুধবার রাত সাড়ে তিনটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করার কথা থাকলেও তা অবতরণ করেনি।
অজিত ভৌমিক জানিয়েছিলেন, এই ফ্লাইট দুইটি ছাড়া অন্য ফ্লাইটগুলোর সময়সূচি বদল করায় সেগুলো সময় মতোই এসে পৌঁছাবে বলে আশা করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এসকে/১৯৪৯ঘ.
bdnews24