ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থান সংলগ্ন শহীদ মিনারের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দারুস সালাম থানার উপপরিদর্শক সাইদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে খবর পেয়ে শহীদ মিনারের দক্ষিণ-পশ্চিম কোণের একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশটির গলায় ওড়না পেচানো ছিল। আনুমানিক ২২ বছর বয়সী এবং সালোয়ার কামিজ পরা এই তরুণীর লাশের পা মাটিতে ঠেকা ছিল।"
তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে কারা হত্যা করে থাকতে পারে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, এই তরুণীর নাম তানিয়া। সে পতিতাবৃত্তি করে থাকে। তবে তার বাসা কোথায় তা জানা যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১২৪৬ ঘ.
bdnews24