২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বরাবরে সাতক্ষীরার ভূমিহীনদের স্মারকলিপি

ভূমিহীনদের মধ্যে জমি বণ্টন ও স্থায়ী বন্দোবস্ত দেওয়াসহ ১২টি দাবিতে বুধবার সাতক্ষীরায় কয়েকশ ভূমিহীন মিছিল ও সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

সাতক্ষীরা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিহীনদের মধ্যে জমি বণ্টন ও স্থায়ী বন্দোবস্ত দেওয়াসহ ১২টি দাবিতে বুধবার সাতক্ষীরায় কয়েকশ ভূমিহীন মিছিল ও সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে। দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক সমাবেশ শেষে স্মারকলিপিটি তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আজিজ ও পুলিশ সুপার আবু সুফিয়ানের হাতে তুলে দেন। তাদের ১২ দফা দাবির মধ্যে ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধার, ভূমিহীনদের মধ্যে ওই জমি বিতরণ, বিশেষ চিংড়ি মহাল বাতিল উল্লেখযোগ্য। জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে রাজ্জাক পার্কের সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হুসাইন, কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু প্রমুখ। ১৯৯৮ সালের ২৭ জুলাই পুলিশ ও ভূমিদস্যুদের গুলিতে জায়েদা নামের এক কৃষক বধু নিহত হন। এর কয়েকদিন পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবিশহর মাঠে এক সমাবেশে বলেছিলেন, তার সরকার ভূমিহীনদের দাবির প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের সমস্যার সমাধানসহ খাসজমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হবে। বুধবারের স্মারকলিপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই প্রতিশ্র"তির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০৫ ঘ.