ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জের ঘাটারচর গ্রামের ব্যবসায়ী জমসের আলীকে হত্যার দায়ে মনির হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকা জেলা অষ্টম অতিরিক্ত দায়রা জজ হোসনে আরা বেগম এই হত্যা মামলার রায় দেন।
অভিযোগ প্রমানিত না হওয়ায় শরীফ, জুয়েল, মামুন ও মাজেদ নামের চারজনকে খালাস দেওয়া হয়েছে।
বিচারক রায়ে বলেন, দণ্ডিত আসামি মনির হোসেন নিহত জমসেরের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। জমসের চাঁদা দিতে অস্বীকার করলে মনির তাকে হত্যার হুমকি দেয়।
২০০১ সালের ১২ জুন ঘাটার চর এলাকায় মুনির তার সঙ্গীদের নিয়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে জমসেরকে হত্যা করে।
নিহতের ভাই উকিল উদ্দিন এ ঘটনায় বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩৪৫ ঘ.
bdnews24