২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগে অনিয়মের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ খাদ্যমন্ত্রীর

খাদ্য অধিদপ্তরের ৫ হাজার ৭২০টি শূন্য পদ পূরণ করা হচ্ছে। এর মধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৫ হাজার ৫২৩টি পদের জন্য আবেদনপত্রও গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের ৫ হাজার ৭২০টি শূন্য পদ পূরণ করা হচ্ছে। এর মধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৫ হাজার ৫২৩টি পদের জন্য আবেদনপত্রও গ্রহণ করা হয়েছে। এ সব পদে লোক নিয়োগের ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বুধবার খাদ্য অধিদপ্তরের কার্যক্রম উপস্থাপন সংক্রান্ত এক বৈঠকে অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা শূন্য পদ সংক্রান্ত এ তথ্য উত্থাপন করলে খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন। খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে পিউস কস্তা আরও জানান, উল্লেখিত তিন ক্যাটাগরি পদের জন্য প্রায় এক লাখ দরখাস্ত জমা পড়েছে। এসব দরখাস্ত যাচাই-বাছাইয়ের জন্য একটি বেসরকারি কম্পিউটার ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ হাজার ৫২৩টি শূন্য পদের মধ্যে দ্বিতীয় শ্রেণির ৪টি, তৃতীয় শ্রেণির ৩ হাজার ৩৮৫টি এবং চতুর্থ শ্রেণির ২ হাজার ১৩৪টি। এছাড়া বিসিএস খাদ্য ক্যাডারের ৮৫ টি ও প্রথম শ্রেণি নন-ক্যাডার ১১২টি পদ শূন্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এমআই/২০০৬ ঘ.