ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে মঙ্গলবার রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কাটার পর বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
তবে দীর্ঘ সময় যান পারাপার বন্ধ থাকায় মাওয়া, কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক অর্পন কুমার চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সকাল ১১টার দিকে বলেন, "ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এই যানজট স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে।"
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আরেক দফা ফেরি চলাচল বন্ধ ছিল। এ কারণে উভয় পাড়ে ছিল তীব্র যানজট। মঙ্গলবার দিনে ফেরি চলাচল করায় যানজট কিছুটা কমে। কিন্তু রাতে বন্ধ হয়ে যাওয়ার পর তা আবারও বাড়তে শুরু করে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার সকাল সাড়ে নয়টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাওয়া ঘাটে প্রায় ১৫০টি যানবাহন পারাপারের জন্য আটকে আছে।
বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপেক্ষারত যানবাহনের এই জট স্বাভাবিক হতে প্রায় দুই ঘণ্টা লাগবে।"
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে ৯টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় বলেন, "মাওয়া-কাওড়াকান্দি ফেরি রুটে নাব্যতা সঙ্কটের কারণে পদ্মা পাড়ি দিতে সময় লাগছে সাড়ে তিন ঘণ্টা। প্রায় ৩৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। তাই কুয়াশা কেটে গেলেও যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২২৭ ঘ.
bdnews24