কক্সবাজার, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিয়ানমারে পাচারকালে টেকনাফের শাহপরীরদ্বীপ বদর মোকাম এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মঙ্গলবার ভোরে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ একটি মাছ ধরার ট্রলার আটক করেছে বিডিআর।
ওই ট্রলার থেকে আটক করা হয়েছে তিনজনকে। এরা হলেন- শাহপরীরদ্বীপের মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ হারুন (২৪), টঙ্গির মধ্যম আউশ পাড়ার মৃত জুলমত আলীর ছেলে মোহাম্মদ বাচ্চু মিয়া (৪০) ও চট্টগ্রামের পূর্ব বাকলিয়ার মোহাম্মদ হোসেনের ছেলে হারুন (৩০)।
ট্রলারটি আটকের সময় বিডিআর সদস্যদের ২২ রাউন্ড গুলিবর্ষণ করতে হয়েছে বলে জানিয়েছেন ৪২ রাইফেল ব্যাটালিয়ানের কর্মকর্তা মেজর হেলাল মোহাম্মদ খান।
মেজর হেলাল জানান, খবর পেয়ে লেফট্যানেন্ট কর্নেল আবদুল খালেকের নেতৃত্বে বিডিআরের একটি দল টেকনাফের শেষ সীমান্ত শাহপরীরদ্বীপের বদর মোকাম এলাকায় ওঁৎ পেতে থাকে। ভোর সাড়ে ৫টার দিকে এফবি খালেদ নামের ওই ট্রলারটিকে চ্যালেঞ্জ করলে তা পালানোর চেষ্টা করে। এসময় বিডিআর সদস্যরা ২২ রাউন্ড গুলিবর্ষণ করে ট্রলারটি থামায়।
তিনি বলেন, ওই ট্রলারে ৪০০ বস্তা ইউরিয়া সার আছে। ট্রলার থেকে আটক করা হয়েছে তিনজনকে।
আটককৃতরা বিডিআরকে জানিয়েছে, ট্রলারটি পটুয়াখালী থেকে সার বোঝাই করে মিয়ানমারে যাচ্ছিল। সারের মালিক পটুয়াখালীর সিদ্দিক ও ট্রলারটির মালিক চট্টগ্রামের রশিদ মাঝি।
বিডিআর কর্মকর্তা জানান, ট্রলারটিতে ৩০০ লিটার জ্বালানি তেলও পাওয়া গেছে।
মেজর হেলালের মতে, জব্দকৃত সারের বাজারমূল্য প্রায় সাতলাখ টাকা। তবে জব্দকৃত ট্রলারসহ সকল মালামালের মূল্য ৪০ লাখ টাকা হতে পারে। সার ও ট্রলার বিডিআর হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
অভিযানে নেতৃত্বদানকারী বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুল খালেক জানান, জব্দকৃত সার সরকারি কোষাগারে জমা এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৫ ঘ.
bdnews24