ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম পার্টিকেল বোর্ড অ্যান্ড ভিনিয়ারিং প্ল্যান্ট বেসরকারি খাতে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করেছে প্রাইভেটাইজেশন কমিশন।
রোববার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কমিশন দপ্তরে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান সারপ্রাইজ ইন্ডাস্ট্রিয়াল করপোরেশনের সঙ্গে বিক্রয় চুক্তি স্বাক্ষর করা হয়।
সরকারের পক্ষে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব মো. আকরাম হোসেন ও ক্রেতার পক্ষে ম্যানেজিং পার্টনার আবদুল মোত্তালেব চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মো. আবু সোলায়মান চৌধুরী বলেন, বন্ধ প্রতিষ্ঠানটি বেসরকারিকরণের ফলে পুনরায় চালুর মাধ্যমে তা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনস্থ এ প্রতিষ্ঠানটিতে প্লেইন উড টেক্স ও ভিনিয়ার উড টেক্স উৎপাদিত হয়। ৭ দশমিক ৮০ একর জমির ওপর নির্মিত প্রতিষ্ঠানটিতে ২০০৩ সালের ৩১ মার্চ থেকে উৎপাদন বন্ধ আছে।
অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিএফআইডিসি, ক্রেতা পক্ষের প্রতিনিধি ও কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24