২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুর সদরের পূবাইল মীরের বাজার এলাকা থেকে মোবারক হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

গাজীপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের পূবাইল মীরের বাজার এলাকা থেকে মোবারক হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। জয়দেবপুর থানার পুলিশ কর্মকর্তারা জানান, নিহত ব্যবসায়ীর বাড়ি ঢাকার দক্ষিণ খান থানা এলাকায়। রাজধানীর মোহাম্মদপুরের শেখের টেক এলাকায় তার সিএনজি চালিত অটোরিকশার ব্যবসা ছিল। দক্ষিণখান থানার উপ পরিদর্শক মো. শাহজাহান জানান, খুব কাছ থেকে মোবারককে গুলি করা হয়েছে। ডান চোখের সামনে দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিকে দিয়ে বেরিয়ে গেছে। গাজীপুরের জয়দেবপুর ও দক্ষিণখান থানার পুলিশ আরও জানান, শনিবার বিকেলে দক্ষিণখান এলাকার পূর্ব পরিচিত মো. শ্যামলের (৩৫) সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান মোবারক। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে রোববার সকালে মোবারকের স্ত্রী কোহিনূর বেগম শ্যামলকে আসামি করে দক্ষিণখান থানায় অপহরণ মামলা করেন। পরে লোক মারফত খবর পেয়ে দুপুর গাজীপুর সদর হাসপাতালের মর্গে স্বামীর মৃতদেহ সনাক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.