ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের বই সঙ্কট কাটিয়ে উঠতে ১৪টি বিষয়ের আরো ৭০ লাখ বই ছাপা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যেই এসব বই বাজারে পাওয়া যাবে।
রোববার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভায় নতুন বই ছাপানোর সিদ্ধান্ত হয়।
সভার সভাপতি ও অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মোজাম্মেল হক খান বলেন, "মাধ্যমিক স্তরের বাধ্যতামুলক ১৪টি বিষয়ের বইয়ের প্রতিটির পাঁচ লাখ করে মোট ৭০ লাখ ছাপানোর সিদ্ধান্ত হয়েছে।"
অতিরিক্ত শিক্ষা সচিব বলেন, যেসব প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো মানের বই দিতে পেরেছে সেরকম প্রায় ২৮টি প্রকাশনীকে রোববারই মৌখিকভাবে কার্যাদেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ১৪টি বিষয়ের প্রায় ৯৪ লাখ বই ছাপানোর কার্যাদেশ হলেও চাহিদা অনুযায়ী বাজারে বই পাওয়া না যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে অসন্তোষ দেখা দেয়।
এদিকে, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিকালে রাজধানীর বাংলাবাজারে বিভিন্ন বইয়ের দোকান পরিদর্শন করেন। এসময় তিনি বই বাজারে ছাড়ার ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে সতর্ক করে দেন।
শিক্ষা মন্ত্রী বলেন,"পাঠ্যপুস্তক নিয়ে কারো কোনো কারসাজি বরদাশত করা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২১১১ঘ.
bdnews24