ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে শনিবার সন্ধ্যায় ৮৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামীম মাহমুদ (২৪) প্রতিপক্ষের হাতে প্রহৃত হয়েছেন। তার অভিযোগ, যুবলীগ কর্মীরা তাকে পিটিয়েছে।
আহত শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি সম্পর্কে তারা এখনও নিশ্চিত নয়।
শামীম হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, "সন্ধ্যা ৭টার দিকে ধলপুরের আউটফল স্টাফ কোয়ার্টার এলাকায় গেলে শহীদ, রনি, কালা, হেলাল, ফয়সলসহ যুবলীগের ৭/৮ জন কর্মী আমাকে আটকে রেখে মারধোর করে।"
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আলফাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "আমরা বিষয়টি শুনেছি। তবে এখনো ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।"
তিনি জানান, শামীম স্থানীয় বিএনপি নেতা মাসুদের সহচর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24