২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীর ছুঁড়ে মারা বোমায় দুই পুলিশ আহত

শনিবার সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুরে সন্ত্রাসীদের ছুঁড়ে মারা বোমায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শনিবার সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুরে সন্ত্রাসীদের ছুঁড়ে মারা বোমায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরো তথ্যসহ) আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক মশিউর রহমান ও কনস্টেবল সাইফুল ইসলাম (নম্বর ১১০৮৫)। এরা দু'জনই নারিন্দা পুলিশ ফাঁড়িতে কর্মরত। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আব্দুুর রাজ্জাক জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে থানার দয়াগঞ্জ এলাকায় নিরাপত্তা টহল দিচ্ছিলেন ওই দুই পুলিশ সদস্য। এসময় হঠাৎ করে কে বা কারা তাদের দিকে একটি বোমা ছুঁড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হলে পুলিশ সদস্য দু'জন আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মশিউর বাঁ পায়ের ঊরুতে আঘাত পেয়েছেন। সাইফুলের পেটে হালকা আঘাত লেগেছে। তিনি শুধু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মশিউরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মশিউর জানান, ২/৩ দিন আগে ওই এলাকায় কে বা কারা বোমা ফাটায়। তাদেরকে ধরার জন্যই তারা টহল দিচ্ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ মশিউরকে দেখতে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী সেখানে সাংবাদিকদের বলেন, "আমাদের সরকার চেষ্টা করবে সবাইকে নিরাপত্তা দিতে। যাতে সবাই নিরাপদে থাকতে পারে। এইজন্যেই আমার এখানে আসা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৫৮ঘ.