সিরাজগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যমুনা সেতুতে ফাটলের কারণে ভারী যানবাহন চলাচলে ঝুঁকির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি বলেন, "যে কোন ধরনের যানবাহন অতিরিক্ত মাল নিয়ে অনায়াসে সেতু পার হতে পারছে। আগামীতেও পারবে।"
শনিবার বিকেলে সরজমিনে যমুনা সেতু পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "সেতুর বয়স ইতোমধ্যে ১০ বছর পার হয়ে গেছে। আগামী ১০০ বছরে কোন প্রকার ক্ষতি হবে না, এমনকি ঝুঁকির কোন সম্ভাবনা নেই।"
মন্ত্রী বলেন, "যে কোন ধরনের কংক্রিট স্থাপনায় সামান্য ফাটল দেখা দিতে পারে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এসব ত্র"টি অনায়াসেই দূর করা যায়।"
তিনি সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মধ্যবর্তী অংশে নেমে সেতু কর্তৃপক্ষের সনাক্ত করা ফাটল প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সেতুর অবস্থা পরিদর্শন করতে এসেছেন- একথা জানিয়ে সৈয়দ আবুল হোসেন বলেন, "অবিলম্বে এ সব ফাটল মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি বলেন, "গত ১০ বছরে আমরা এ সেতু থেকে প্রায় ১২০০ কোটি টাকার টোল পেয়েছি এবং আগামী ১৫ বছরের মধ্যে আরও ২৮০০ কোটি টাকার মত সংগ্রহ করা যাবে। অর্থাৎ ২৫ বছরের মধ্যেই সেতু তৈরির ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হবে। ঋণের টাকা পরিশোধের পর এই সেতু হবে আমাদের কাছে সোনার খনি বা রাজ হাঁসের সোনার ডিম দেওয়ার সামিল।"
বিগত জোট সরকারের সময় সেতুর নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রী বলেন, "এটা আমাদের তথা দেশবাসীর কাছে বঙ্গবন্ধু সেতু হিসেবেই পরিচিত ও স্বীকৃতিপ্রাপ্ত। যদি কোন সিদ্ধান্তে এ সেতুর নাম পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে আবার অনুরূপ সিদ্ধান্তেই বঙ্গবন্ধু সেতু হিসেবেই স্বীকৃতিপ্রাপ্ত হবে।"
সেতু পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ তানভীর শাকিল জয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মোস্তাক আহম্মেদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24