২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি: হাসিনা

দেশ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান। নির্বাচিত হয়ে প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় উচ্চারিত ঐক্যের আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি শনিবার বলেন, "আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি। আমরা সুষম উন্নয়নে বিশ্বসী।" শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "আমরা আমাদের ইশতেহারে জনগণকে যে স্বপ্ন দেখিয়েছি, যে আশার বাণী শুনিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। জনগণ যে দায়িত্ব দিয়েছে যে কোনো ত্যাগের বিনিময়ে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের সফল হতেই হবে।" বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। শেখ হাসিনার আগে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর তিন সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদ সরকারকে 'সর্বাত্মক সহায়তার' আশ্বাস দেন। আওয়ামী লীগের রাজনীতিতে 'র‌্যাট' (নামের আদ্যক্ষর নিয়ে) হিসাবে পরিচিত এই তিন প্রভাবশালী নীতিনির্ধারকের সদ্যঘোষিত মন্ত্রিসভায় স্থান হয়নি। বেশ কিছু নতুন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকে নিয়ে গড়া এ মন্ত্রীসভায় স্থান না পাওয়ায় পুরনো অনেকের মধ্যেই ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বলে দলের বিভিন্ন সূত্র থেকে আভাস মিলেছে। পেছনের দিকে তাকিয়ে শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই বলেন, "১৫ আগস্টের ঘটনা ঘটতো না যদি না খন্দকার মোশতাকের মতো লোক মন্ত্রিসভায় থেকে ক্ষমতা লিপ্সা চরিতার্থ করতে চাইতো।" নির্বাচনে আওয়ামী লীগের এই বিশাল বিজয় জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন- আবারো এ কথা বলে প্রধানমন্ত্রী বলেন, "জনগণের আকাঙ্খা বাস্তবায়ন করতে হবে। তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে হবে।" দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "সকল স্তরের নেতা-কর্মীদের জনগণের জন্য নিবেদিত হতে হবে। কী পেলাম আর কী পেলাম না - এই মানসিকতা ত্যাগ করে কতটুকু দিতে পারলাম তা নিশ্চিত করতে হবে।" বিপুলভোটে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তার গত কয়েকদিনের বক্তব্যে নিয়মিতভাবেই 'কিছু পাওয়ার রাজনীতি' থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা ছাত্রলীগে যোগদান করতে চাওয়া নতুনদের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেন। তিনি বলেন, "একটা দল আছে, যারা 'পার্মানেন্ট গভর্নমেন্ট পার্টি' হিসাবে পরিচিত। .. ছাত্রলীগ ও যুবলীগ অনেক শক্তিশালী। এখানে কারো যোগদানের দরকার নেই। কেউ কেউ যোগদান করে গোলযোগ করবে আর সব দায়িত্ব পড়বে আমাদের ঘাড়ে।" মহাজোট সরকার গঠন করার পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে বেশ কিছু সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। বিএনপিসহ বিরোধীরা শিক্ষাপ্রতিষ্ঠানের হলে নিয়ন্ত্রণ দখলের চেষ্টা ও নির্বাচন-পরবর্তী প্রতিশোধের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। এর আগে আমির হোসেন আমু বলেন, " আমাদের কাছে মানুষের যে প্রত্যাশা তা বাস্তবায়ন হবে না যদি না আমরা সবাই তাদের সহায়তা করি। আমরা আশাকরি তারা সফল হবে।" আব্দুর রাজ্জাক বলেন, "আমরা যারা দলের কর্মী তাদের সর্বাত্মক সহায়তা করতে হবে।" তোফায়েল আহমদ বলেন, "আমরা যারা এমপি আছি তারা জনগণের স্বার্থে উনি (শেখ হাসিনা) যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করবো।" আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাদের বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। বিএনপি'র সঙ্গে আলোচনা না করে তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা হলে সংসদ অকার্যকর হবে বলে প্রচার মাধ্যমে বিএনপি নেতা এম কে আনোয়ারের যে বক্তব্য প্রচারিত হয়েছে তার জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "দয়া করে কথা বলার আগে আপনারা সংবিধান পড়ে নেবেন। তা না হলে শপথ ছাড়া সংসদে এসে আপনাদের শুধু জরিমানাই দিতে হবে।" তিনি এম কে আনোয়ারের উদ্দেশে আরো বলেন, "আমরা চেয়েছিলাম একসঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করতে। কিন্তু, তা সম্ভব নয়। আমিও পারিনি। আপনারাও পারবেন না।" শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ কামরুল ইসলাম ,আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. খন্দকার বজলুল হক। মঞ্চে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আখতারুজ্জামান এবং আওয়ামী লীগের স্বাস্থ্য বিসয়ক সম্পাদক ডা.মোস্তফা জালাল মহিউদ্দিনও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোযৈন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৫৬ঘ.