ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশগুলোর বিষয়ে দু'তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গত সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছে সেগুলো পর্যালোচনা করা হবে। এটার বিভিন্ন পন্থা আছে। একটি হতে পারে একটি আদেশ দিয়ে আমরা সব 'রেটিফাই' করে দিলাম। তাহলে সম্পূর্ণটাই একবারে হয়ে গেলে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তবে তা এমেন্ডমেন্ট (সংশোধন) করে দেওয়া যাবে। আর একটা পদ্ধতি হতে পারে বিচার বিশ্লেষণ করে। আমরা দেখেছি, কিছু কিছু অধ্যাদেশের আয়ু ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে যেগুলো জনকল্যাণমূলক সেগুলো আইনে পরিণত করা হবে। যেটা ভাল সেটা ২/৩ দিনের মধ্যে করা হবে।"
আইনমন্ত্রী বলেন, "গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও আইনের শাসন প্রতিষ্টার জন্য যা প্রয়োজন তা করতে হবে। আমাদের যে বিচার বিভাগ আছে তাকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে একটি কার্যকর বিচার ব্যবস্থা তৈরী করতে হবে। যাতে বিচার প্রার্থী জনগণ সহজে সুবিচার পেতে পারে। দীর্ঘ দিন ধরে যেন তাদের বিচারালয়ের প্রাঙ্গনে ঘুরতে না হয়। আমরা জানি আমাদের উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত মামলা জমে আছে। এতে জনগণের ভোগান্তি হচ্ছে।"
তিনি বলেন, "আমি মনে করি, জনগণ যাতে স্বল্প সময়ের মধ্যে সুবিচার পায় সে দিকে কাজ করার আছে আইন মন্ত্রণালয়ের। বিচারপতি ও বিচারক যারা আছেন, তাদের দিকেও খেয়াল রাখতে হবে।"
আইনমন্ত্রী বলেন, "বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক করার জন্য ১ নভেম্বর থেকে যে সমস্ত কাজ হাতে নেওয়া হয়েছে তার অনেক কাজ শেষ হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে এটা সুপ্রতিষ্ঠিত হয়নি।"
তিনি বলেন, "আমরা মনে করি, একটা আলাদা সচিবালয় হওয়া দরকার সুপ্রিম কোর্টের অধীনে। যে সচিবালয়ে থেকে অধীনস্থ বিচারপতিদের কাজকর্ম তদারকি করা যেতে পারে। লজিষ্টিক সাপোর্টও দেওয়া যেতে পারে।"
সংবিধান পরিবর্তন করা হবে কি-না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "দেখা যাক; সংসদ যদি মনে করে তবে করা হবে। দেশের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মঙ্গলের জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ নিশ্চয় এ নিয়ে ডিবেট করবে এবং দেখবে। মনে হয় সংসদের সব সদস্য; বিরোধীদল সবাই বিবেচনা করবে।"
তিনি বলেন, "দলীয় সরকার যখন আসে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব পড়ে। আমি ব্যক্তিগতভাবে এর ঘোর বিরোধী। কারণ, বিচারপতিদের হওয়া উচিত সম্পূর্ণ সৎ, যোগ্য ও নিরপেক্ষ। কোন অবস্থাতেই কোন বিচারপতির কোন দলের প্রতি আনুগত্য থাকা উচিত নয়। তবে আমি বিশ্বাস করি, যেসব বিচারপতি নিয়োগপ্রাপ্ত হন, ওনারা যখন শপথবাক্য পাঠ করেন তারপরে আর তাদের কোন অবস্থাতেই কোন দলের প্রতি আনুগত্য থাকা উচিত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/জিএনএ/১৫২৪ ঘ.
bdnews24