ঢাকা জানুয়ারী ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) বলেছে, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে অধ্যাপক মোজাফফর আহমদের বক্তব্য তার নিজস্ব অভিমত। তার সঙ্গে টিআইবির কোন সম্পৃক্ততা নেই।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বার্লিনভিত্তিক দুর্নীতি নজরদারির এ সংস্থ'াটির বাংলাদেশ শাখা।
টিআইবি নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামানের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, "যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এব জনগণের রায় নিয়ে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, তারা সকলেই দেশের সংবিধান এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী সংসদ সদস্য হিসাবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে শপথ গ্রহণের পূর্ণ যোগ্যতা অর্জন করেছেন।
" তাদের বিরদ্ধে যদি দুর্নীতিসহ অন্য কোন মামলা থাকে,সেগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে। উপযুক্ত বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হওয়া ছাড়া কেউ দোষী হতে পারেন না এবং একইভাবে শুধুমাত্র অভিযোগ বা মামলার ভিত্তিতে কাউকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যুক্তিযুক্ত নয়। এ বিষয়ে টিআইবির অবস্থানের ব্যাপারে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতার অবকাশ নেই। "
৩১ ডিসেম্বর ড.আম্বেদকর ফাউন্ডেশন আয়োজিত 'দুর্নীতি দমন ও সুশাসনে আগামী বাংলাদেশ' শীর্ষক মতবিনিময় সভায় অধ্যাপক মোজাফফর আহমদ মন্তব্য করেন, 'প্যারোলে মুক্তি আদালতের মাধ্যমে সমাধা না হওয়া পর্যন্ত নির্বাচনে বিজয়ী দলের প্রধানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া উচিত হবে না।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪৩ঘ.
bdnews24