নীলফামারী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যের পাঠ্যবই চুরি যাওয়ার ঘটনায় জড়িত অভিযোগে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সহকারী মনিটরিং কর্মকর্তা হাসান তারেক বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফসিউদ্দীন আহমেদ জানান, বই চুরির ঘটনাটি প্রাথমিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে জানানো হলে মহাপরিচালক নজরুল ইসলাম খান গত ১ জানুয়ারি হাসান তারেককে সাময়িকভাবে বরখাস্ত করেন।
এ ছাড়াও গত ৩ জানুয়ারি হাসান তারেককে আসামি করে নীলফামারী সদর থানায় একটি মামলা (নম্বর-৪) করা হয়েছে বলে তিনি জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, চলতি শিক্ষা বর্ষে নীলফামারীর ছয়টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও বিভিন্ন এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য ঢাকা থেকে আট লাখ ১২ হাজার ৩৬১টি পাঠ্যবই সরবরাহ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং কর্মকর্তা হাসান তারেক বইগুলো বুঝে নিয়ে পিটিআই গুদামে মজুদ রাখেন।
পরে জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ছয় লাখ ৪৬ হাজার ৮১০ টি বই বিতরণ করা হয়। বাকি এক লাখ ৬৫ হাজার ৫৫১টি বইয়ের মধ্যে গুদামে মজুদ পাওয়া গেছে ৯১ হাজার ৮৭৫টি।
সহকারী মনিটরিং কর্মকর্তা হাসান তারেক বইয়ের গুদামের দায়িত্বে থাকা অবস্থায় ৭৩ হাজার ৬৭৬টি বই চুরির ঘটনা ঘটে। যার দাম ২২লাখ ১০হাজার ২৮০টাকা। বই চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক একেএম গোলাম মোস্তফা গত রোববার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা অফিসের বই চুরির সঙ্গে জড়িত কর্মকর্তা পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24