ময়মনসিংহ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় সোমবার একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছে।
উপজেলার চেলেরঘাট নামক স্থানে সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক এবং সাত যাত্রী ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় আরও দুই যাত্রী। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তাগাছা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-৫১-১০২২) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাকের (যশোর-ট-১১-১৩৬০) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৮ জন মারা যায়। "
তিনি বলেন, "দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।"
তিনি আরও বলেন, "খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ও দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আটকেপড়া লাশগুলো বের করেন।"
তিনি জানান, মাইক্রোবাসের নিহত যাত্রীরা সবাই ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তারা 'ডেসটিনি-২০০০' এর প্রগ্রেসিভ নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস'র ডিষ্ট্রিবিউটর। 'ডেসটিনি-২০০০' এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলেন তারা।
নিহতরা হচ্ছেন- হাসান (৩০), আইনুদ্দিন (২৮), শেহের উদ্দিন সরকার (৪০), মোস্তাফিজুর রহমান (৩০), হারুন (৩২), হবি (২৪), মফিজুল ইসলাম (২৯) ও মাইক্রোবাস চালক সোহেল মিয়া (২৭)।
আহত দুই জনের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হালুয়াঘাট উপজেলার ফজলুর রহমান (২৮)।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না।
পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা জানান, চালকের অসর্তকতা ও কুশায়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬২৪ ঘ.
bdnews24