চাঁদপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের পুরানবাজারের বাতাসাপট্টি এলাকায় সোমবার ভোরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতা দেখে হৃদযন্ত্র আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যবসায়ী।
মারা যাওয়া ব্যবসায়ীর নাম রফিক সরদার (৫২)। তিনি পুরান বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তবে আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি।
একটি সেমাই কারখানার চুলা থেকে আগুন লাগে বলে দমকল বাহিনী জানিয়েছে।
ব্যবসায়ী রফিক সরদারের প্রতিবেশী এবং বাতাসাপট্টি এলাকার বাসিন্দা আরিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে সাহরীর সময় আগুনের ভয়ঙ্কর দৃশ্য দেখে রফিক জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণাৎ তাকে শহরের সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান, তিনি বেঁচে নেই।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের লিডার মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর ৫টায় দিকে আগুন লাগে। এতে বাতাসাপট্টির ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
তিনি জানান, চাঁদপুর উত্তর ও দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নারায়ণ সাহার সেমাই ফ্যাক্টরি, উত্তম সাহার পাল ব্রাদার্স, সুরেশ চন্দ্র দাসের আনন্দময়ী হার্ডওয়্যার, হাজী বাশেত খানের মুড়ির দোকান, গোপি বল্লভ সাহার মনোহরী দোকান এবং দিলীপ কুমার সাহার মনোহরী দোকান।
সেমাই ফ্যাক্টটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মী মুশফিকুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএইচবি/১১৪৫ ঘ.
bdnews24