যশোর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের চাঁচড়া মোড় থেকে বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকসহ দুই হাজার বোতল ফেনসিডিল আটক করেছে র্যাব।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এ সব ফেনসিডিল ভারত থেকে চোরাইপথে এনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর সারোয়ার জানান, বেনাপোল থেকে ট্রাকটি (যশোর-ট-১১০৩) ঢাকা যাচ্ছিল। এতে দুই হাজার বোতল ফেনসিডিল আছে জানতে পেরে র্যাব সদস্যরা ভোর সাড়ে ৫টার দিকে যশোর শহরের চাঁচড়া মোড়ের কাছে ব্যারিকেড দিয়ে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। চালক নির্দেশ অমান্য করে ব্যারিকেড ভেঙে ট্রাক নিয়ে শহরে ঢুকে পড়ে।
র্যাব সদস্যরা ধাওয়া করার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি বেজপাড়া চিরুনী কারখানার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। চালক ও তার সহকারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
পরে র্যাব সদস্যরা ট্রাকটি তল্লাশি করে কয়েকটি কার্টনে রাখা দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। ট্রাকটি নিয়ে আসা হয় র্যাব ক্যাম্পে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24