চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাসের দাবিতে নগরীর ডবলমুরিং থানার ফ্যাশন এক্সপোর্ট ইন্টারন্যাশনাল নামে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা বুধবার দুপুরে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশের হস্তক্ষেপে মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে কাজে যোগ দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেতন বকেয়া থাকায় ফ্যাশন এক্সপোর্ট ইন্টারন্যাশনাল গার্মেন্টসের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করে। পরে দুপুর পৌনে ২টার দিকে শ্রমিকরা সদরঘাট সড়কে নেমে আসে।"
তবে মালিক পক্ষ এক মাসের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে আড়াইটার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে পুনরায় কাজে যোগ দেয়।
বিকালের পর শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন দেওয়া হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/২০১০ ঘ.
bdnews24