ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের বিরুদ্ধে মানহানির অভিযোগে বুধবার একটি মামলা হয়েছে।
মামলাটি করেছেন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় উপ-মহাসচিব ও ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।
ময়মনসিংহ বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ মামলা দায়ের করা হয়।
বিচারক ফেরদৌস ওয়াহিদ অভিযোগ গ্রহণ করে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ জন্য আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে আদালত।
আয়কর আইনজীবীদের সম্পর্কে 'অসম্মানজনক ও মানহানিকর' বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারায় এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন আইনজীবী সাদিক হোসেন।
অভিযোগে বলা হয়, "গত ১৫ ফেব্র"য়ারি প্রথম আলো পত্রিকায় এনবিআর চেয়ারম্যানের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়, তাতে তিনি আয়কর আইনজীবীদের সম্পর্কে অসম্মানজনক ও মানহানিকর মন্তব্য করেছেন।"
ওই সাক্ষাৎকারে আবদুল মজিদ বলেছিলেন, "কোনও করদাতা যদি আয়কর আইনজীবীদের কাছে যায়, তবে তাকে নানা ভয়-ভীতি দেখিয়ে অবধারিতভাবে কিছু টাকা রেখে দেওয়া হয়।"
এ কারণে মানুষ ঘাবড়ে গিয়ে কর দিতে উৎসাহ হারিয়ে ফেলে বলে এনবিআর চেয়ারম্যান ওই সাক্ষাৎকারে মত প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24