নড়াইল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকেরা মঙ্গলবার সদর উপজেলার তুলারামপুর বাজারে নড়াইল-যশোর সড়ক অবরোধ করেছে।
সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ চলাকালে রাস্তার দু'পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কৃষকদের প্রয়োজনীয় সার দেওয়া হবে বলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এর আগে গত রোববার সারের দাবিতে কৃষকরা সদর উপজেলার হবখালী ইউনিয়নের পাজারখালীতে নড়াইল-মাগুরা সড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিল।
মঙ্গলবার সার কিনতে আসা চাঁচড়া গ্রামের কৃষক আব্দুল্লাহ মোল্যা (৫০) ও আলমগীর হোসেন (৬০) সাংবাদিকদের জানান, ভোর থেকেই তারা তুলারামপুর বাজারের সার ডিলার আইয়ুব আলী খানের দোকান মোর্শেদ খান এন্ড সন্স এর সামনে ভিড় করেন। কিন্তু দোকানে চাহিদার তুলনায় সার কম থাকায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ অবস্থায় ডিলার দোকান বন্ধ করে দেন।
সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা নড়াইল-যশোর সড়ক অবরোধ করে।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মো. মাহবুবুল হাসান সাংবাদিকদের জানান, সড়ক অবরোধের খবর পেয়ে তিনি (মাহবুবুল হাসান) পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগামী বৃহস্পতিবার কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহানারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তুলারামপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব রহমান বলেন, "প্রয়োজনীয় চাহিদার কথা জানানো সত্বেও সার পাচারের আশংকায় জেলা কৃষি কার্যালয় থেকে তুলারামপুর বাজারের ডিলারের জন্য যথেষ্ট পরিমাণ সার সরবরাহ না করায় কৃষকদের প্রয়োজন মত সার সরবরাহ করা যায়নি।"
সদর থানার সহকারী উপ-পরিদর্শক ভুদেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারের দাবিতে কৃষকরা তুলারামপুর বাজারে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের সার সরবরাহের আশ্বাসে তা প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24