২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির পুত্রবধূকে বহনকারী গাড়ি চাপায় শিশু নিহত

টাঙ্গাইল-ঢাকা সড়কে সদর উপজেলার ক্ষুদিরামপুরে সোমবার জিপ গাড়ির নিচে চাপা পড়ে রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-ঢাকা সড়কে সদর উপজেলার ক্ষুদিরামপুরে সোমবার জিপ গাড়ির নিচে চাপা পড়ে রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। ওই গাড়িতে করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পুত্রবধূ কানিজ ফাতেমা ঠাকুরগাঁও থেকে ঢাকা আসছিলেন। রায়হান ক্ষুদিরামপুরের মিন্টু মিয়ার ছেলে। আহতরা হলেন- টাঙ্গাইল সদরের গোসাই বাড়ি কুমুল্লি গ্রামের বিপ্লব (২৮) এবং জিন্নাহ দিওয়ানের ছেলে রিঙ্কু (২৩)। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী জিপটি বিকেল সাড়ে ৫টার দিকে রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি তিনজনকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। আশরাফ হোসেন বলেন, "জিপটি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পুত্রবধূকে নিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার পর চালক আয়নাল হকের কাছ থেকে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জিপটি টাঙ্গাইল থানা হেফাজতে রেখে জেলা প্রশাসনের সহায়তায় আরোহীদের ঢাকা পাঠানো হয়েছে।" টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত বিপ্লবকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। রিঙ্কুর একটি পা ভেঙ্গে গেছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২১৫৪ ঘ.