ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ চিকিৎসার অভাবে রাজধানীর শিশু হাসপাতালে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
আয়েশা নামে জটিল রক্তশূন্যতায় আক্রান্ত ৭ বছরের শিশুটি সোমবার সকাল সাড়ে ১০টায় মারা যায়।
রোববার ভোরে তার অবস্থার অবনতি হলে অভিভাবকরা খোঁজ করলেও চিকিৎসক পাননি। কয়েকঘন্টা পর তাকে অক্সিজেন, রক্ত ও স্যালাইন দেওয়ার চেষ্টা করলেও বাঁচানো যায়নি।
শিশুটির বাবা শান্তিবাগের মুদি দোকানদার শহিদুল ইসলাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রক্তশূন্যতা ধরা পড়লে ৬ সেপ্টেম্বর তাকে শিশু হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর বেডে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসক ড. মোশাররফ জানান, ২ দিন পরপর তাকে রক্ত দিতে হবে। সে অনুযায়ীই তার চিকিৎসা চলে।
শহিদুল ইসলাম বলেন, আয়েশাকে এরপর ড. খায়রুল আমিন ও তার পরে ডা. সেলিমুজ্জামানের তত্ত্বাবধানে রাখা হয়। ডা. সেলিমুজ্জামান শিশুটিকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গত ১৬ তারিখ থেকে তাকে রক্ত দেওয়া বন্ধ করেন বলে জানান শহিদুল।
আয়েশার বাবার অভিযোগ, প্রশ্ন করা হলে ডা. সেলিমুজ্জামান তাদের বলেন,"রক্ত কেন দেওয়া হচ্ছেনা তা বলতে আমরা বাধ্য নই। আর আয়েশাকে অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে।"
মা নুরুন্নাহার জানান, রোববার রাত দেড়টার দিকে আয়েশা মাথাব্যথা ও সারা শরীরে যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে। এসময় কর্তব্যরত চিকিৎসককে বিষয়টি জানানো হলে তিনি ২ চামচ নাপা সিরাপ খাওয়াতে বলেন।
নুরুন্নাহার বলেন, "এ ওষুধ খাওয়ানোর পর ভোরবেলা সে শান্ত হয়ে যায়। ভোর ৬টার দিকে জড়ানো গলায় সে ফলের রস খেতে চায়। জুস খাওয়াতে গেলে মুখ থেকে তা পড়ে যায়। এরপর থেকে তার শরীর নিথর হয়ে পড়ে এবং হাত-পা ঠাণ্ডা হয়ে যেতে থাকে।"
এ অবস্থার ঘন্টাতিনেক পরে সকাল পৌনে নয়টায় দিকে আয়েশাকে দেখতে আসেন একজন চিকিৎসক। ডাক্তার তাকে অক্সিজেন, রক্ত ও স্যালাইন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। সাড়ে ১০টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
পাশের একটি শয্যার এক রোগীর অভিভাবক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিনও তার সন্তানের সঙ্গে হেঁটে খেলা করেছে আয়েশা।
এ ব্যাপারে দিনের মধ্যে কয়েকবার চেষ্টা করা হলেও শিশু হাসপাতালের কোন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলতে রাজি হননি। সোমবার সন্ধ্যায় আবারও ফোন করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, " সকালে ৭ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর বেডের রোগী মারা গেছে বলে শুনেছি তবে বিস্তারিত কিছু জানি না। যে চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগী চিকিৎসাধীন ছিল তারা বলতে পারবেন।"
চিকিৎসকটি এ বিষয়ে কথা বলার জন্য অফিস সময়ে আনুষ্ঠানিকভাবে (অফিসিয়ালি) যোগাযোগ করার পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফডব্লিউসি/এফএফ/এসকে/১৮৩৭ঘ.
bdnews24